ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সুনীতার সঙ্গে টানাপোড়েনের মাঝে গোবিন্দর রহস্যময় মন্তব্য

বিনোদন ডেস্ক | সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:৫৬ পিএম সুনীতার সঙ্গে টানাপোড়েনের মাঝে গোবিন্দর রহস্যময় মন্তব্য

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। পরকীয়ার গুঞ্জন, বিবাহবিচ্ছেদের খবর এবং পাল্টাপাল্টি মন্তব্যে বিষয়টি এখন প্রকাশ্যেই এসেছে। এর মধ্যেই মুম্বাইয়ের এক অনুষ্ঠানে রহস্যময় মন্তব্য করে নতুন করে আলোচনায় গোবিন্দ।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) মুম্বাইয়ে ‘ইয়ুথ শক্তি দহি হান্ডি’ অনুষ্ঠানে যোগ দেন গোবিন্দ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্ত্রী সুনীতার নাম সরাসরি না নিয়েই তিনি বলেন, শিগগিরই অনেক বিষয় পরিষ্কার হবে।

গোবিন্দ বলেন, আকাশে অনেক কথা লেখা আছে। আমি মায়ের কাছে প্রার্থনা করি, সেগুলো যেন পরিষ্কার হয়ে যায় এবং গোবিন্দ যেন তা পরিষ্কার করতে পারে। তবে ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এ কথা বলেছেন, তা স্পষ্ট করেননি অভিনেতা।

এরপর ভক্তদের সমর্থন চেয়ে গোবিন্দা বলেন, বছরের পর বছর যেভাবে সবাই তার পাশে থেকেছেন, আগামীতেও তিনি একই ধরনের ভালোবাসা ও সমর্থন চান। একই সঙ্গে জানান, দুটি নতুন সিনেমা ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ দিয়ে অভিনয়ে ফিরছেন তিনি।

প্রসঙ্গত, গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে করেন। তাদের দুই সন্তান টিনা ও যশবর্ধন। দীর্ঘ দাম্পত্য জীবনে একাধিকবার তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। ২০২৫ সালে সুনীতা গোবিন্দর বিরুদ্ধে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে খবর ছড়ায়। পরে গোবিন্দর আইনজীবী জানান, দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। রিয়েলিটি শোতেও সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দার জীবনে বহু সম্পর্ক এলেও শেষ পর্যন্ত তিনি তার কাছেই ফিরে আসেন।

সম্প্রতি গোবিন্দর ‘রূপা’ সিনেমার সহশিল্পী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন ছড়ায়। এ নিয়ে সুনীতা কটাক্ষ করলে গোবিন্দ তাকে ‘নিজের সীমার মধ্যে’ থাকার পরামর্শ দেন। পরে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন বলেও খবর প্রকাশিত হয়। সব মিলিয়ে গোবিন্দর সাম্প্রতিক মন্তব্য নতুন করে উসকে দিয়েছে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে জল্পনা। 

কালের সমাজ/এসআর

Link copied!