টিকটকের ভিডিওতে কমেন্ট করার অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন। কমেন্ট সেকশনকে আরও ইন্টারঅ্যাকটিভ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি। এর মধ্যে রয়েছে ভয়েস কমেন্ট, পোল, একসঙ্গে একাধিক ছবি পোস্ট এবং লাইভ ফটো কমেন্ট।
টিকটক জানিয়েছে, নতুন ফিচারগুলোর মাধ্যমে কমেন্ট সেকশন শুধু মতামত জানানোর জায়গা না থেকে ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ ও আড্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। নতুন ভয়েস কমেন্ট ফিচারে ব্যবহারকারীরা কমেন্ট বক্সের মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে সর্বোচ্চ এক মিনিটের অডিও বার্তা রেকর্ড করে পোস্ট করতে পারবেন। অন্যরা সেই কমেন্টে ট্যাপ করে অডিও শুনতে পারবেন। আগামী এক মাসের মধ্যে বিশ্বব্যাপী ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে।
এদিকে নিজেদের ভিডিওতে কমেন্ট করার সময় নির্মাতারা এখন পোল যোগ করতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে এবং ভোটের সময়সীমাও নির্ধারণ করা যাবে। পরবর্তী ভিডিও কী হবে, কোন পোশাকটি ভালো, কিংবা কী রান্না করা উচিত এমন নানা বিষয়ে দর্শকদের মতামত নেওয়া যাবে।
ছবির কমেন্টেও এসেছে নতুনত্ব। এখন একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যোগ করা যাবে। পাশাপাশি লাইভ ফটো কমেন্ট-এর মাধ্যমে ছবির সঙ্গে মুহূর্তের সামান্য নড়াচড়াও দেখা যাবে। টিকটক জানায়, এসব পরিবর্তনের লক্ষ্য হলো কমেন্ট সেকশনকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলা। সূত্র: টেকক্রাঞ্চ
কালের সমাজ/এসআর

