‘এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল’—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, বিরোধীদল এই ৬ মাস একদিনও বাদ নাই যেদিন তারা আন্দোলন করেন নাই, হুঙ্কার দেন নাই। এনিসিপি এবং জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। লং মার্চে তাদের দেওয়া বক্তব্যের সঙ্গে ফ্যাসিস্টের বক্তব্যের পার্থক্য নেই। সবাই চাচ্ছে, সুন্দর বাংলাদেশ কিন্তু আমরা নির্বাচন করে পারলাম, উনারা আন্দোলন শুরু করলেন এবং এ আন্দোলন নিয়ে যাবেন ১ দফার আন্দোলনে। ১ দফার হুঙ্কার দিবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল , ১৭ বছর রাজপথ থেকে লড়াই করে উঠে আসা দল।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালির পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। র্যালিটি শহরের আদর্শ সামাদ মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিল্লাহ জামে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।
মন্ত্রী আরো বলেন, ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়। দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের জন্য কষ্ট করছে। যদি ইন্টেরিম সরকার কাজে হাত দিতে তাহলে আমরা এ সংকট দ্রুত কাটিয়ে উঠতে পারতাম। কিন্তু আজকে যারা গ্যাস নাই, বিদুৎ নাই স্লোগান দিয়ে লংমার্চ করছেন - এটা এ সময়ে যুক্তিযুক্ত নয়। ৬ মাসের মাথায় তাদের লং মার্চ সাধারণ মানুষ গ্রহন করেননি। করলে দলে দলে সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করতো ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কালের সমাজ/কে.পি

