ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:২৯ পিএম ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তার বিরুদ্ধে জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। 

একটি ভিডিওতে তাকে পার্ক করা গাড়ির সামনে নামাজ পড়তে দেখা গেলেও নামাজের কারণে যানবাহন বা মানুষের চলাচলে বাধা সৃষ্টি হওয়ার স্পষ্ট কোনো দৃশ্য দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, নামাজ পড়ার দায়ে ‘অভিযুক্ত’ ওই ব্যক্তির নাম হাজী মোহাম্মদ উসমান। তিনি সমাজবাদী পার্টির মোরাদাবাদ জেলা শাখার সহসভাপতি এবং বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।

সংবাদমাধ্যম বলছে, ভারতীয় দণ্ডবিধির ২৮৫ ধারায় (জনসাধারণের চলাচলের পথ বা নৌপথে বিপদ বা বাধা সৃষ্টি) এবং ২৯২ ধারায় (জনসাধারণের জন্য বিরক্তি বা অসুবিধা সৃষ্টি) এফআইআরটি করা হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার কারণে কীভাবে জনসাধারণের চলাচলে বাধা বা অসুবিধা সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট নয়।

হাজী মোহাম্মদ উসমান উত্তর প্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির নেতাদের একটি বৈঠকে যোগ দিতে সার্কিট হাউসে গিয়েছিলেন। ভিডিওতে দেখা যায়, একটি পার্ক করা গাড়ির সামনে উসমান নামাজ পড়ছেন। সেখানে তার শান্তিপূর্ণ নামাজের কারণে চলাচল বাধাগ্রস্ত হতে পারে—এমন আর কোনো মানুষকে দেখা যায়নি। ভিডিওতে থাকা সব গাড়িই পার্ক করা অবস্থায় দেখা যায়।

মোরাদাবাদে গণপূর্ত বিভাগের প্রাদেশিক শাখার দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী অনিত কুমারের অভিযোগের ভিত্তিতে এফআইআরটি করা হয়েছে।

হিন্দিতে দেয়া অভিযোগে কুমার লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাজী মোহাম্মদ উসমান সার্কিট হাউসে প্রবেশ ও বের হওয়ার পথে তার গাড়ি পার্ক করে সেটির পেছনে নামাজ পড়ছেন। এর ফলে যানবাহন ও মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।’

এর এক দিন আগে স্থানীয় পত্রিকা দৈনিক ভাস্কর জানিয়েছিল, হাজী মোহাম্মদ উসমানের নামাজ পড়ার ওই ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো ক্ষুব্ধ হয়ে উঠেছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—সরকারি স্থাপনায় কীভাবে নামাজ পড়ার অনুমতি দেয়া হলো সে বিষয়ে রাষ্ট্রীয় বজরং দলের রাজ্য সভাপতি রোহান সাক্সেনা প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত, উত্তর প্রদেশ সরকার সড়কে নামাজ পড়াকে অপরাধ হিসেবে গণ্য করলেও সরকারি স্থাপনায় নামাজ পড়া বেআইনি নয়।

এদিকে এক মুসলিম নেতার বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপের সঙ্গে কানওয়ার যাত্রায় অংশ নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার বিষয়টির পার্থক্য রয়েছে। ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, কানওয়ার যাত্রায় অংশ নেয়া ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর এবং অশালীন অঙ্গভঙ্গি করেছেন।

কালের সমাজ/এসআর

Link copied!