ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

নির্ভীক সাংবাদিকতার মূল্য মামলা? এহসান বিন মুজাহিরের পাশে শ্রীমঙ্গল প্রেসক্লাব

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | এপ্রিল ১২, ২০২৬, ০৭:৩৭ পিএম নির্ভীক সাংবাদিকতার মূল্য মামলা? এহসান বিন মুজাহিরের পাশে শ্রীমঙ্গল প্রেসক্লাব

দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের ছয় মাস পর সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সরব হয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

রোববার (১২ এপ্রিল) জরুরি সভায় এ মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি আগামীকাল সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্প্রতি শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান স্থানীয় আদালতে এই মামলা দায়ের করেন। অভিযোগ, সংবাদ প্রকাশের দীর্ঘ ছয় মাস পর প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠা এই মামলার উদ্দেশ্য পেশাদার সাংবাদিকতাকে দমিয়ে দেওয়া।

রোববার সকালে কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তারা বলেন, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ পরিবেশন করে আসছেন। তিনি একজন শিক্ষক ও কলাম লেখকও বটে।

বক্তারা আরও বলেন, ‘একজন পেশাদার গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে হীন উদ্দেশ্যে এই মামলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এটি কেবল এহসানুল হকের বিরুদ্ধে নয়, বরং সমগ্র সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।’

সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল সকালে প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কালের কণ্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্তের এম এ রকিব, বাংলানিউজের বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, লেখক সৈয়দ আমিরুজ্জামান, আবুজার রহমান বাবলা, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, মামুন আহমেদ, আব্দুর রব ও ঝলক দত্ত প্রমুখ।

প্রসঙ্গত, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জন্যই এহসানুল হককে টার্গেট করে এই মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!