ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, পিরোজপুরে র‍্যাব-৮-এর সচেতনতামূলক টাউন হল সভা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুলাই ২৭, ২০২৬, ০৯:২৪ পিএম অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, পিরোজপুরে র‍্যাব-৮-এর সচেতনতামূলক টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে টাউন হল সভা করেছে র‍্যাব-৮, বরিশাল।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ এবং র‍্যাব-৮-এর সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা। এছাড়া শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের প্রভাবও উদ্বেগজনকভাবে বিস্তার লাভ করছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

সভায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অনলাইন প্রতারণা, সাইবার হয়রানি বা অপরাধমূলক কোনো ঘটনার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়। অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেয় র‍্যাব-৮।

উন্মুক্ত মতবিনিময়ে অংশ নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তারা অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির এমন উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!