ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | মে ৬, ২০২৬, ০৬:৪৯ পিএম ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাটের হাসান টাওয়ার-১ ভবনে এ দুর্ঘটনা ঘটে।নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন।

এ সুযোগে কারিম সবার অগোচরে ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।দীর্ঘ সময় সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের নিচে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!