ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত (২৫/৭/২৬) রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতে চোরেরা বিদ্যালয়ের প্রধান ফটকের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে বিদ্যালয়ে স্থাপিত দুটি সিসিটিভি ক্যামেরা ও সার্কিট ব্রেকারের তার খুলে নিয়ে যায়।
জানা যায়- চুরির সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ধারণা করা হচ্ছে অন্ধকারের সুযোগ নিয়ে পরিকল্পিত ভাবে এ চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মানসুরা বেগম। তিনি জানান-"সকালে বিদ্যালয়ে এসে প্রধান ফটকের তালা কাটা অবস্থায় দেখতে পায়। পরে বিদ্যালয় পরিদর্শন করে দুটি সিসিটিভি ক্যামেরা ও সার্কিট ব্রেকারের তার চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।"
তিনি আরও জানান-"এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিদ্যালয়টিতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম চোরেরা সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। বারবার চুরির ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।" স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

