ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পেলারখীল, ঘরকাটা, করলিয়া, চেলামারা, চাক্কাতলী ও মধুভাঙ্গা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় ২৮০০ মানুষের বসবাস থাকা এ জনপদে এখনো নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও স্থিতিশীল মোবাইল নেটওয়ার্ক সুবিধা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এলাকাগুলো উন্নয়নের বাইরে পড়ে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সড়কের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে গিয়ে প্রায়ই বিপদের মুখে পড়তে হয় স্বজনদের।
এছাড়া অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পৌঁছেনি। ফলে সন্ধ্যার পর অন্ধকারে থাকতে হয় বহু পরিবারকে। আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকায় জরুরি যোগাযোগেও ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় সচেতন মহল জানান, একটি স্বাস্থ্য ক্লিনিক, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ সংযোগ ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে অবশেষে উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে দাঁতমারা ইউনিয়নের এসব পিছিয়ে পড়া জনপদে।
কালের সমাজ/কে.পি

