ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

মনিরামপুরে মাছের ঘেরে নেট দেওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ!

জেলা প্রতিনিধি, যশোর | আগস্ট ৯, ২০২৬, ০৯:১৪ পিএম মনিরামপুরে মাছের ঘেরে নেট দেওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ!

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে নেট দেওয়াকে কেন্দ্র করে আবুল বাসার (হানিফা) ও তার ছেলে জাহাঙ্গীরকে কুপিয়ে ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। আহত পিতা-পুত্রকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা আবুল বাসার তার নিজস্ব মাছের ঘেরের ভেড়িবাঁধে পানি উঠে যাওয়ায় মাছ রক্ষার জন্য নেট দেওয়ার কাজ করছিলেন। এ সময় পাশের যৌথ মাছের ঘেরের মালিক গোপাল মণ্ডল এতে বাধা দেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গোপাল মণ্ডল আবুল বাসারকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিও হয়।

তাদের চিৎকার শুনে বাসারের ছেলে জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে দুজনকে শান্ত করেন। পরে বাবা-ছেলে বাড়ির উদ্দেশে রওনা হয়ে বাড়ির কাছাকাছি পৌঁছালে গোপাল মণ্ডল ফোন করে তার বাবা ও ভাইকে ডেকে আনেন বলে অভিযোগ করেন আহতরা।

অভিযোগ অনুযায়ী, তারা ঘটনাস্থলে এসে আবুল বাসারকে বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে জাহাঙ্গীর এগিয়ে গেলে গোপাল মণ্ডল রামদা দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে জাহাঙ্গীরের মাথা ও হাতে দায়ের কোপ লাগে। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন আহত আবুল বাসার ও জাহাঙ্গীরকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে গোপাল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আহতদের স্বজনরা।

কালের সমাজ/কে.পি

Link copied!