চট্টগ্রামের ফটিকছড়িতে মুজিবুর রহমান (২৮) নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পূর্ব পাশের মাইচ্ছের ছোলা এলাকার একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুজিবুর রহমান কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির বাসিন্দা। তিনি কৃষক নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেমুহনি বাজার এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে নিজের অনটেস্ট মোটরসাইকেলটি মেরামত শেষে নিয়ে যান মুজিবুর রহমান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল আলম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কালের সমাজ/এসআর

