ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

নওগাঁয় পুলিশের অভিযান: ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৩৩ পিএম নওগাঁয় পুলিশের অভিযান: ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার  ২

নওগাঁ জেলার মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার এবং দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১১টার দিকে অটোরিকশা চালক রায়হান কবির নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি সতীহাট যাওয়ার প্রস্তাব দেন। 

তারা যাতায়াত বাবদ ৫০০ টাকা ভাড়া দেওয়ার আশ্বাস দিলে তিনি রাজি হন। দুপুর দেড়টার দিকে সতীহাট বাজারে পৌঁছালে অভিযুক্তরা তাকে একটি দোকানে খাবার খাওয়ায় এবং মোবাইল নম্বর সংগ্রহ করে পরে যোগাযোগের কথা বলে চলে যায়।

পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই ব্যক্তিরা ফোন করে পুনরায় সতীহাট বাজারে আসতে বলেন। চালক সেখানে গেলে তারা বাসস্ট্যান্ডে উঠে জানায়, তাদের একজন মৈনম বাজারে আছে—তাকে নিয়ে নিয়ামতপুরে ফিরতে হবে। পরে কৌশলে গন্তব্য পরিবর্তনের কথা বলে তারা সিংগী বাজারের উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে মান্দা থানাধীন ৬ নম্বর মৈনম ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ভয়ভীতি প্রদর্শন করে চালককে চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে অচেতন করে ফেলে। পরে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি অবস্থায় দেখতে পান। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের হয়। মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশে মান্দা থানার একটি বিশেষ টিম আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।

অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে জুয়েল হোসেন (৪৪)কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে নাটোর জেলার সিংড়া থানা এলাকা থেকে কাবিল উদ্দিন (৩৩)কে গ্রেফতার করা হয়। 

তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিংড়া থানা এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Side banner
Link copied!