ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

রমজান সামনে রেখে পিরোজপুরে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

জেলা প্রতিনিধি, পিরোজপুর | ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম রমজান সামনে রেখে পিরোজপুরে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুই ঘণ্টাব্যাপী পৌর কাঁচাবাজার ও মাছ বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

পরিদর্শনকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বাজার ব্যবস্থাপনায় বিভিন্ন অসংগতি লক্ষ্য করা গেলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ সময় বাজার দখলমুক্ত রাখতে ফুটপাত ও বাজারের নির্ধারিত স্থানে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকি স্থাপনাগুলোর মালিকদের দ্রুত সময়ের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

বাজার তদারকি শেষে সাংবাদিকদের উদ্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। অনেক ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং কেউ কেউ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। রমজান মাসজুড়ে ভোক্তারা যেন ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবেন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিরোজপুর সদর মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
 

Side banner
Link copied!