ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
জামায়াত আমির

ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১৭, ২০২৬, ১১:৫৮ এএম ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সংবিধান ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি।

তিনি বলেন, সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে জনস্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্যকে রাজপথে নামতে বাধ্য হতে হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘জেলা ও মহানগরীর সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ক্ষুণ্ণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাবেক এক উপদেষ্টা এবং বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, ওই নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তবে সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এবং বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই জনগণের এজেন্ডা নিয়ে সরব থাকবে তার দল। দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের দল জনগণের পাশে থাকবে।

অতীতের ফ্যাসিবাদের চেয়ে ‘নব্য ফ্যাসিবাদ’ আরও ভয়ংকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের সূচনা হয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।

সংসদে দেশের চলমান সংকট নিয়ে আলোচনা করতে নোটিশ দিলেও তা নাকচ করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাদাকে সাদা বলুন, বাদামি বা কালো নয়। আমাদের বক্তব্য আংশিক নয়—পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না।’

কালের সমাজ/এসআর

Link copied!