ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

পিরোজপুরে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর | এপ্রিল ১১, ২০২৬, ১০:২১ পিএম পিরোজপুরে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মোঃ সরোয়ার (৪৮) নামে এক ব্যক্তিকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার (১নং ওয়ার্ড) বাসিন্দা এবং তার পিতা মৃত তাহের আলী শেখ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। তিনি ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!