ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি

ধর্ম ডেস্ক | মে ৩১, ২০২৬, ১১:২২ এএম হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩০ মে) রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। একই সময়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস ৩ হাজার ৩০০ জন হাজি বহন করেছে।

এ পর্যন্ত পরিচালিত ১৫টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট।

হজ বুলেটিনে জানানো হয়, ফিরতি ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩০ মে। প্রথম ফিরতি ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে এবং পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৭ জন ও মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসেবার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৭৬ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৬ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাজিদের নিরাপদ ও নির্বিঘ্নে দেশে ফেরার বিষয়, আবাসন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী ফ্লাইট শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম ৩০ মে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

 

কালের সমাজ/ওজি

Link copied!