ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, আটক ৪১৬

স্পোর্টস ডেস্ক | মে ৩১, ২০২৬, ০২:৩২ পিএম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, আটক ৪১৬

চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকদের উদযাপন ফ্রান্সের বিভিন্ন স্থানে সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানী প্যারিসসহ দেশের কয়েকটি এলাকায় সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪১৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ মে) রাতে আর্সেনালকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখে পিএসজি। ম্যাচ শেষে হাজারো সমর্থক প্যারিসের শঁজেলিজে অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায় বিজয় উদযাপনে রাস্তায় নামেন। তবে একপর্যায়ে কয়েকটি স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, কিছু এলাকায় আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এর আগে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় খেলা দেখা দর্শকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষও ঘটে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত সারা দেশে ৪১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্যারিস থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতার ঘটনায় অন্তত ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ ঘটনাগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। ডানপন্থী নেতা মারিন ল্য পেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফুটবল জয়কে কেন্দ্র করে সহিংসতার সমালোচনা করে বলেন, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়।

গত মৌসুমে পিএসজির শিরোপা উদযাপনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবার বিজয় উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রোববার পিএসজির শিরোপা উদযাপন উপলক্ষে আইফেল টাওয়ার সংলগ্ন শঁ দ্য মার্স এলাকায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। পরে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমন্ত্রণে এলিসি প্রাসাদে দলটির জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!