ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ মার্কিনি, ২ অত্যাধুনিক ড্রোন ধ্বংস

কালের সমাজ ডেস্ক | মে ৩১, ২০২৬, ১১:১৮ এএম কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ মার্কিনি, ২ অত্যাধুনিক ড্রোন ধ্বংস

কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন মার্কিন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

একই ঘটনায় মার্কিন বিমানবাহিনীর দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সংঘটিত এ ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, ইরানের ছোড়া ফাতেহ-১১০ ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়।

তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ আলী আল সালেম বিমানঘাঁটির ভেতরে গিয়ে পড়লে হতাহতের পাশাপাশি সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসাবশেষের আঘাতে আহতদের মধ্যে মার্কিন সেনাসদস্য ও সামরিক ঠিকাদার উভয়ই রয়েছেন। এছাড়া ঘাঁটিতে অবস্থানরত একটি এমকিউ-৯ রিপার ড্রোন সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং আরেকটি গুরুতর ক্ষতির মুখে পড়ে। প্রতিটি রিপার ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানা গেছে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এদিকে পেন্টাগনের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সম্পর্কিত সামরিক সংঘাতের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৪ জন মার্কিন নাগরিক নিহত এবং ৪০৯ জন আহত হয়েছেন।

গত এপ্রিল থেকে ইরান ও মার্কিন নেতৃত্বাধীন জোটের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলার মধ্যেই কুয়েতে এই হামলার ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

হামলার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সম্ভাব্য চুক্তি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন। তবে হোয়াইট হাউস সূত্র জানায়, এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


কালের সমাজ/ওজি

Link copied!