ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর | মে ৩০, ২০২৬, ০৩:৫২ পিএম পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলটির প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!