আয়ারল্যান্ড ও কাতারের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে আরও একবার জোরাল আওয়াজ উঠল ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের আসন্ন ম্যাচকে কেন্দ্র করে স্বাগতিক সমর্থকদের প্রতিবাদের মুখে দুইবার বন্ধ হয়ে গেছে কাতারের বিপক্ষে ম্যাচটি।
উয়েফা নেশনস লিগের সূচি অনুযায়ী, ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের দুটি ম্যাচ খেলার কথা। তবে এই সূচি ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং ম্যাচ বর্জনের আহ্বানও উঠেছে।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃহস্পতিবারের (২৮ মে) ম্যাচে খেলার ১০ ও ২০ মিনিটের মাথায় টেনিস বল ছুড়ে মাঠে প্রতিবাদ জানানো হয়। ওই বলগুলোর ওপর ফিলিস্তিনের পতাকার ছবি ছিল, ফলে খেলা দু’বার বন্ধ রাখতে হয়।
এই ম্যাচটি কাতারের জন্য আসন্ন ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ ছিল, যে টুর্নামেন্টে আয়ারল্যান্ড জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।
বুধবার (২৭ মে) আইরিশ পার্লামেন্ট ডেইলে ইসরায়েল ম্যাচ নিয়ে নতুন করে প্রতিবাদ হয়। অন্যদিকে, ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) গত নভেম্বরেই উয়েফাকে অনুরোধ করেছিল যেন ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়, তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তা সমর্থন করেনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের কোচ হেইমার হালগ্রিমসন নেশনস লিগের ইসরায়েল ম্যাচ প্রসঙ্গে বলেন, খেলোয়াড়দের `এই লড়াই জিততে হবে`।
আইসল্যান্ডের এই কোচ আগেও ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে নিজের সমর্থন জানিয়েছিলেন। তিনি বলেন, `এটা এমন একটি বাধা যা আমি পছন্দ করি না, এবং খেলোয়াড়দের জন্যও এটা অন্যায় পরিস্থিতি।`
তিনি আরও বলেন, `ফুটবল দৃষ্টিকোণ থেকে আমরা যেন খলনায়ক না হই, আমরা খলনায়ক নই।`
দুই দলের প্রথম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, আর ফিরতি ম্যাচ ডাবলিনে ৪ অক্টোবর হওয়ার কথা।
নেশনস লিগ এমন একটি প্রতিযোগিতা, যেখানে গ্রুপ পর্ব থেকে নকআউট এবং ফাইনালের দিকে প্রতিযোগিতা এগোয়, পাশাপাশি ইউরো ও ফিফার টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের পথও তৈরি করে।
এফএআই জানিয়েছে, দুই ম্যাচই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে আয়ারল্যান্ড অধিনায়ক নাথান কলিন্স বলেন, কেউ যদি প্রতিবাদ করতে চায়, তারা সেটাকে বাধা দেবে না। শেষ পর্যন্ত কাতারের বিপক্ষে এই প্রীতি ম্যাচে আয়ারল্যান্ড ১–০ গোলে জয় পায়, যেখানে কলিন্সের হেডারই ম্যাচের ফল নির্ধারণ করে।
কালের সমাজ/এসআর

