কোনো প্রটোকল বা আনুষ্ঠানিকতার আড়ম্বর ছাড়াই পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম স্বচক্ষে দেখতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) বিকেল চারটার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নেওয়া বিশেষ ক্রাশ প্রোগ্রাম ঠিকঠাক এবং সময়মতো বাস্তবায়িত হচ্ছে কিনা, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে বের হওয়া।
বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়। এরপর তিনি নিজেই স্টিয়ারিং হাতে গুলশান-১ নম্বর সড়ক হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট ও সড়ক প্রদক্ষিণ করেন।
পরিদর্শনের সময় বিভিন্ন স্পটে পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সরানোর কাজ এবং দুই সিটি কর্পোরেশনের মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি খোঁজ নেন প্রধানমন্ত্রী। উৎসবের পর দ্রুততম সময়ের মধ্যে নগরবাসীকে দুর্গন্ধ ও দূষণমুক্ত একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়াই ছিল প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরের মূল উদ্দেশ্য।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ঈদ উদযাপনের মধ্যেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই কড়া নজরদারির ফলে কোরবানির বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত কর্মী এবং তদারককারী কর্মকর্তাদের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা গেছে। নগরবাসীকে স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর এমন তৎপরতা বর্জ্য অপসারণের ক্রাশ প্রোগ্রামে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের সমাজ/এসআর

