ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার ‘বট বাহিনী’ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু

কালের সমাজ ডেস্ক | মে ২৯, ২০২৬, ০৬:০৩ পিএম এবার ‘বট বাহিনী’ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু

বট বাহিনী নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট অ্যাকাউন্ট ব্যবহার করে ইসরায়েলবিরোধী জনমত তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, কিছু দেশ যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটকে দুর্বল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ব্যবহার করছে।

নেতানিয়াহুর দাবি, অনেক সময় দেখা যায় কেউ আগে ইসরায়েলকে সমর্থন করতেন, পরে মত পরিবর্তন করেছেন বলে পোস্ট দিচ্ছেন। কিন্তু পরে দেখা যায়, এসব অ্যাকাউন্ট আসলে ভুয়া এবং কিছু ক্ষেত্রে পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে।

তিনি এ প্রসঙ্গে পাকিস্তানের নাম উল্লেখ করেন।

নেতানিয়াহু আরও বলেন, বিশ্বের অনেক জায়গায় ইসরায়েলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হলেও ভারতে পরিস্থিতি ভিন্ন। তার মতে, ভারতে ইসরায়েলের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে।

তিনি দাবি করেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই ইসরায়েলের সবচেয়ে বেশি সমর্থক পাওয়া যায়।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। মোদির ইসরায়েল সফরকে তিনি “উষ্ণ অভ্যর্থনা” হিসেবে উল্লেখ করেন। নিজের ভারত সফরকেও তিনি “সৌহার্দ্যপূর্ণ অভিজ্ঞতা” বলে বর্ণনা করেন।

এদিকে সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা আগের বছরের তুলনায় বেশি।

একই জরিপে আরও বলা হয়, বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় নেতানিয়াহুর নেতৃত্বের ওপর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ মানুষের।

কালের সমাজ/এসআর

Link copied!