গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান। তিনি বলেন, মুসলিম বিশ্ব শিগগিরই তাকে উচিত শিক্ষা দেবে। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
নিজ শহর রিজেতে দেওয়া ওই ভাষণে এরদোয়ান মুসলিম ঐক্যের আহ্বান জানান এবং ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর কথা বলেন।
তিনি বলেন, “ফিলিস্তিনের গাজায় যা ঘটছে, তা আমাদের এই ঈদে বিশেষ অবস্থান নিতে বাধ্য করছে। ইনশাআল্লাহ, এই স্বৈরাচারী নেতানিয়াহু খুব শিগগিরই বিশ্বের মুসলমানদের কাছ থেকে তার প্রাপ্য শিক্ষা পাবে।”
এই মন্তব্য আসে এমন এক সময়, যখন ইসরায়েল গাজামুখী একটি ত্রাণবাহী নৌবহরের শতাধিক কর্মীকে আটক করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। নৌবহরটি তুরস্ক থেকে মানবিক সহায়তা ও ফিলিস্তিনপন্থী কর্মীদের নিয়ে যাত্রা করেছিল, যার উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবরোধের প্রতিবাদ করা।
এরদোয়ান ওই অভিযানে ইসরায়েলের পদক্ষেপকে “জলদস্যুতা ও দস্যুবৃত্তি” বলে আখ্যা দেন।
আঙ্কারা দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, কূটনৈতিক তৎপরতা, যুদ্ধবিরতির উদ্যোগ এবং আইনি পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছে।
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরদোয়ান ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক। তিনি একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে “গণহত্যা” ও “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের” অভিযোগ তুলেছেন এবং কিছু ক্ষেত্রে ইসরায়েলি সরকারকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন।
কালের সমাজ/এসআর

