রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে পুরোদমে কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ঈদুল আজহার দিন নগরী পরিচ্ছন্ন রাখতে সকাল থেকেই মাঠে নেমেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ মে) পশু কোরবানির পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। ধানমন্ডি ও লালবাগসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, সিটি করপোরেশনের কর্মীরা পিকআপভ্যান ও ঠেলাগাড়িতে করে বর্জ্য সংগ্রহ করছেন। পরে সেগুলো বড় ডাম্পিং ট্রাকে করে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হচ্ছে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার পবিত্রতা রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। মাঠপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, এবার বর্জ্য অপসারণের গতি ভালো। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নাগরিকদের পলিথিন ব্যাগ ব্যবহারসহ সিটি করপোরেশনকে সহায়তার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি পরিবেশসম্মত উপায়ে কোরবানির কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সিটি করপোরেশনের পরিছন্নতা কার্যক্রম তদারককারী কর্মকর্তারা বলছেন, ঈদের খুশির এ ছুটির সময়ে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে সিটি করপোরেশনের কর্মীরা বিরামহীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নগর কর্তৃপক্ষ আশা করছে, খুব দ্রুতই পুরো শহর বর্জ্যমুক্ত হবে।
কালের সমাজ/ওজি

