ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ

কালের সমাজ ডেস্ক | মে ২২, ২০২৬, ০৪:১৯ পিএম রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর থেকে মিরপুর-১০ গোলচত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর থাকতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়ও মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয়রা। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বৃহস্পতিবার রাতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে মিরপুর-১১ নম্বরের বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দেন। এ সময় সরকারের কয়েকজন মন্ত্রী, সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বরের একটি ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!