ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত নাও থাকতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ বছর বয়সী ডনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শেষে বাহামায় বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে তার দ্বিতীয় বিয়ে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সে চায় আমি যাই। এটি ছোট পরিসরের ব্যক্তিগত আয়োজন। আমি যাওয়ার চেষ্টা করব। তবে তিনি বলেন, আমি তাকে বলেছি, সময়টা আমার জন্য ভালো নয়। কারণ আমার সামনে ইরান ইস্যু এবং আরও অনেক বিষয় রয়েছে।
বর্তমানে ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সময়ে যুদ্ধ পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসনের ওপর জন অসন্তোষও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধ চলাকালে তিনি যদি বিয়েতে যান তাহলে গণমাধ্যম সমালোচনা করবে, আবার না গেলেও সমালোচনা হবে।
তিনি বলেন, এটা এমন একটি বিষয় যেখানে আমি জিততে পারব না। যদি যাই, তাহলে সমালোচিত হব। যদি না যাই, তাহলেও সমালোচিত হব। অবশ্যই ভুয়া সংবাদমাধ্যমের কারণে। তিনি আশা প্রকাশ করে বলেন, আশা করি তাদের দাম্পত্য জীবন খুব ভালো হবে।
ডনাল্ড ট্রাম্প জুনিয়র বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার বাবার রাজনৈতিক এজেন্ডার অন্যতম জোরালো সমর্থক হিসেবেও পরিচিত। গত বছর ট্রাম্প জুনিয়র ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যতে প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।ৃ
কালের সমাজ/এসআর

