ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে

নিজস্ব প্রতিবেদক | মে ১৮, ২০২৬, ০৬:৩৫ পিএম ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে।

এছাড়া ২৫ ও ২৬ মে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের নির্ধারিত শাখাগুলো সীমিত পরিসরে চালু থাকবে।

এসব শাখায় অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সার্কুলারে আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

কালের সমাজ/ওজি

Link copied!