ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাওনা চৌরাস্তায় ১০ দিন বিদ্যুৎহীন মার্কেট

চরম ক্ষোভে সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর | মে ১৮, ২০২৬, ০৮:১২ পিএম চরম ক্ষোভে সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

তীব্র গরমে চরম ভোগান্তি আর টানা লোকসানের মুখে অবশেষে কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার ঐতিহ্যবাহী ‘ইয়াকুব আলী মাস্টার টাওয়ার’-এর ব্যবসায়ীরা। গত ১০ দিন ধরে পুরো মার্কেট সম্পূর্ণ বিদ্যুৎহীন থাকায় (১৮ মে) থেকে এই শপিং মলটির সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে মার্কেট ব্যবসায়ী সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মার্কেটের সামনে মাওনা টু শ্রীপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট কর্তৃপক্ষের পারিবারিক দ্বন্দ্বের কারণে দীর্ঘ ১০ দিন ধরে পুরো মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এত দীর্ঘ সময় পার হয়ে গেলেও স্থানীয় বিদ্যুৎ বিভাগ কিংবা মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো কার্যকরী বা দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। কর্তৃপক্ষের এই উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই তারা দোকানপাট বন্ধ করতে বাধ্য হয়েছেন।

তীব্র তাপদাহের মাঝে বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা বহুমুখী সংকটের মুখোমুখি হয়েছেন। বন্ধ ঘোষণার পেছনে তারা প্রধান কয়েকটি কারণ উল্লেখ করেছেন, প্রচণ্ড গরমে দমবন্ধ পরিস্থিতির কারণে ক্রেতারা মার্কেটে আসা একদম বন্ধ করে দিয়েছেন। ফলে বেচাকেনা নেমে এসেছে শূন্যের কোঠায়।  বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে ব্যাকআপ দিতে গিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি খরচ হচ্ছে। এতে প্রতিদিন লাভের চেয়ে লোকসানের বোঝাই ভারী হচ্ছে। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন শোরুমের ফ্রিজে থাকা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ডিজিটাল বিলিং এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না মার্কেটে স্থায়ী ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের কোনো দোকান খোলা হবে না।
আমরা নিয়মিত বিল ও কর দিয়ে ব্যবসা করি। কিন্তু ১০ দিন ধরে বিদ্যুৎ না থাকা সত্ত্বেও কেউ আমাদের খোঁজ নেয়নি। জেনারেটর চালিয়ে পকেটের টাকা শেষ। বাধ্য হয়েই আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি।

এই চরম সংকট থেকে উত্তরণ এবং মাওনা চৌরাস্তার অন্যতম ব্যস্ত এই শপিং মলটির অর্থনৈতিক সচলতা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

কালের সমাজ/এসআর

Link copied!