তথ্য প্রতিমন্ত্রীর ইয়াসের খান চৌধুরীর নির্দেশে ময়মনসিংহ সদর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১১ মে ) বিকেল সাড়ে ৩টা থেকে ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৭টি ড্রেজার মেশিন বিকল করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় জেলা পুলিশ ও বিআইডব্লিউটিএ -এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নদী খননের নামে বালু বিক্রি বা খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক সৌন্দর্য ও যৌবনের তরঙ্গ আমরা আগের মতো ফিরে পেতে চাই। নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানের বিষয়ে সচেতন মহল সাধুবাদ জানিয়ে বলেন, শুধু অবৈধ ড্রেজারের বালু বন্ধ করে সুফল আসবে না। এখানে নদী খননের বালু যাদের ইজারা দেওয়া হয়েছে তাদের ইজারা মেয়াদ শেষ হলেও তারা এখনো নদীর বালু বিক্রি করছে। পাশাপাশি এ চক্রটি ইজারা মেয়াদ বাড়ানোর জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সাথে যোগাযোগ করছেন।
কালের সমাজ/কে.পি

