ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরের নাজিরপুরে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ১৩, ২০২৬, ০৮:১০ পিএম পিরোজপুরের নাজিরপুরে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

 পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা মো. মিরাজ শেখের সন্তান।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে শিশু দুটি। বুধবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে তারা সবার অজান্তে পাশের একটি পুনঃখনন করা খালের দিকে চলে যায়। খালটি সম্প্রতি সরকারি উদ্যোগে খনন করায় আগের চেয়ে অনেক গভীর হয়ে পড়ে।
 

ধারণা করা হচ্ছে, খালের পানিতে একজন পড়ে গেলে অন্য ভাই তাকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্বজনরা শিশু দুটিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালের সমাজ/কে.পি
 

Link copied!