নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের অভ্যন্তরীণ সড়ক রক্ষায় ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে আসিফ আল জিনাত-এর কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার ১৩ মে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত এর বরাবর দেওয়া স্মারকলিপিতে জৈনপুর গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের ‘আরঅ্যান্ডএইচ-জৈনপুর রোড’ থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক পর্যন্ত এলজিইডির ডাটাবেজ অনুযায়ী এটি “গ্রাম সড়ক-এ” (Village Road-A) শ্রেণিভুক্ত। এ ধরনের সড়ক সাধারণত হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত, যেখানে রিকশা, অটোরিকশা, সিএনজি, ছোট পিকআপ ও প্রাইভেটকার চলাচল উপযোগী।
গ্রামবাসীর অভিযোগ, সম্প্রতি একটি কোম্পানির অতিরিক্ত ভারী যানবাহন—মাটি কাটার ভেকু, পেলোডার, ডাম্প ট্রাকসহ বিভিন্ন ভারী যান—এই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে রাস্তা দেবে যাওয়ার উপক্রম হয়েছে, যা এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সড়ক রক্ষার্থে স্থানীয়রা ভারী যান চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তা উপেক্ষা করে চলাচল অব্যাহত রাখে। পাশাপাশি গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির আশঙ্কার কথাও তুলে ধরা হয়।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জৈনপুর গ্রামের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ। তারা অতিরিক্ত ভারী যান চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক সুমন মাহমুদ, মাহফুজসহ প্রমুখ।
কালের সমাজ/কে.পি

