ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

‎ ‎টানা বৃষ্টিতে বেড়েছে মজুরি, ব্যাহত কৃষিকাজ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | মে ১০, ২০২৬, ০৭:৫৩ পিএম ‎ ‎টানা বৃষ্টিতে বেড়েছে মজুরি, ব্যাহত কৃষিকাজ

‎সিরাজগঞ্জের তাড়াশে টানা কয়েকদিনের বৃষ্টিতে কৃষি কাজে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। বিশেষ করে ধান কাটা মৌসুমে শ্রমিক না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকটের সুযোগে অনেক এলাকায় দিনমজুরদের মজুরিও বেড়ে গেছে কয়েকগুণ। ফলে অতিরিক্ত খরচ ও সময়মতো ধান ঘরে তুলতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

‎উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের অনেক ধান মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমে থাকায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টির মধ্যে কাজ করতে অনীহা প্রকাশ করছেন অনেক শ্রমিক। এতে বাধ্য হয়ে বেশি মজুরিতে শ্রমিক নিয়োগ করতে হচ্ছে কৃষকদের।

‎কৃষকদের দাবি, আগে যেখানে একজন শ্রমিকের দৈনিক মজুরি ছিল ৬০০ থেকে ৭০০ টাকা, সেখানে বর্তমানে তা বেড়ে ৯০০ থেকে ১২০০ টাকায় পৌঁছেছে। তারপরও প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে না।

‎তাড়াশ সদর ইউনিয়নের কৃষক আব্দুল জলিল বলেন,
‎“ধান কাটার সময় চলে যাচ্ছে, কিন্তু শ্রমিক মিলছে না। যাদের পাওয়া যাচ্ছে তারা অনেক বেশি টাকা চাচ্ছে। এতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে।

‎আরেক কৃষক মফিজ উদ্দিন বলেন,
‎“বৃষ্টির কারণে মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিক সংকট থাকায় সময়মতো ধান কাটতে পারছি না। এতে ফলনেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।”

‎স্থানীয় শ্রমিকরা জানান, বৃষ্টির মধ্যে কাদামাটিতে কাজ করতে অনেক কষ্ট হওয়ায় তারা বেশি মজুরি দাবি করছেন। এছাড়া অনেক শ্রমিক অন্য এলাকায় কাজ করতে চলে যাওয়ায় স্থানীয়ভাবে সংকট আরও বেড়েছে।

‎এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, আবহাওয়ার কারণে সাময়িকভাবে শ্রমিক সংকট তৈরি হয়েছে। কৃষকদের দলবদ্ধভাবে শ্রমিক ব্যবস্থাপনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষিযন্ত্র ব্যবহারে আগ্রহ বাড়ানোর কথাও বলা হচ্ছে।

‎টানা বৃষ্টি ও শ্রমিক সংকটে এখন দুশ্চিন্তায় দিন কাটছে তাড়াশের কৃষকদের। সময়মতো ধান কাটা ও কৃষিকাজ সম্পন্ন না হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

কালের সমাজ/কে.পি

Link copied!