ময়মনসিংহের ভালুকা উপজেলার মেজয় ভিটা ৫নং ওয়ার্ড এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ভালুকায় শাখা অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ মিনহাজুল ইসলাম ,ডা. চন্দ্রন দেব বর্মন, ডা জাহাঙ্গীর আলম এবং মোঃ শহিদুল ইসলাম।
ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলি। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা শাখার ব্যবস্থাপক আঃ জলিল, আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম
মোঃ নবাব আলি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচীর সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ভালুকা শাখায়ও অসহায় দরিদ্র মানুষের জন্য এ সেবার আয়োজন করা হয়েছে।
ভালুকা শাখার ব্যবস্থাপক আঃ জলিল বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কালের সমাজ/কে.পি

