পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার মো. রাব্বি শেখ (১৯), মো. সাব্বির শেখ (২২) ও লিপি বেগম (৪০)। অবৈধভাবে এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের দায়ে প্রত্যেককে ২৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মামলায় প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট রেজা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

