ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুকসুদপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ২২, ২০২৬, ০৪:৪৩ পিএম মুকসুদপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

শিক্ষক ও কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং সমবায়ের চেতনাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে মুকসুদপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা।

শুক্রবার (২২ মে) সকালে মুকসুদপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের বাস্তবায়নে সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)।

সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বার্ষিক হিসাব-নিকাশ উপস্থাপন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব-এর সেক্রেটারি নরেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব-এর বাগেরহাট ও গোপালগঞ্জ জেলা ব্যবস্থাপক সঞ্জয় দত্ত।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সমবায়ভিত্তিক সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা শিক্ষক-কর্মচারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও টেকসই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই সংগঠন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সদস্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মুকসুদপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি তরুন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক মুহাম্মদ বাহাউদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ মাঈনুদ্দীন মোল্যা, সালিনাবক্স মাদ্রাসার সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান, সদস্য মোঃ কামরুজ্জামান, স্বপন কুমার মন্ডল এবং উপজেলা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান খান।

সমগ্র আয়োজনজুড়ে সমবায়ের মূল দর্শন
"একজনের শক্তি সীমিত, সম্মিলিত শক্তিই সমৃদ্ধির পথ" এই বার্তাই যেন প্রতিধ্বনিত হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!