আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্না সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (২২ মে) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় তিনি পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, রাজনৈতিক অবস্থান এবং নাগরিক সেবার নানা বিষয় তুলে ধরেন।
এনসিপি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব আল আমিন খান, আইন উপদেষ্টা সৈয়দ ইকবাল আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও নেতাকর্মীরা।
মইনুল আহসান মুন্না বলেন, প্রায় দেড়শ’ বছরের পুরোনো পিরোজপুর পৌরসভা এখনো নাগরিক সেবার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ, সড়কের বেহাল অবস্থা এবং পরিচ্ছন্নতা সংকটের কারণে পৌরবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যা সমাধান এবং নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে নাগরিক সেবা সহজীকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, একসময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পিরোজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তবে ২০০৭ সালের পর বিএনপির রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। এরপরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতি তার শ্রদ্ধা রয়েছে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে এনসিপির মনোনয়ন পাওয়ার পর দলটির আদর্শ ও কর্মসূচি নিয়েই মাঠে কাজ করছেন। জোটগত সিদ্ধান্তে অন্য কোনো প্রার্থী মনোনয়ন পেলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সেই প্রার্থীর পক্ষেই কাজ করবেন বলেও জানান। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পৌরবাসীর সঙ্গে গণসংযোগ শুরু করবেন বলে জানিয়েছেন সম্ভাব্য এ মেয়র প্রার্থী। উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে দেশের একশ’ পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কালের সমাজ/কে.পি

