ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রামপুরা, মালিবাগ ও খিলগাঁওসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক ও অলিগলিতে পানি জমে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
শুক্রবার (১ মে) সকাল থেকেই ঢাকার আকাশ ঘন মেঘে আচ্ছন্ন থাকে এবং থেমে থেমে ভারী বৃষ্টি হতে থাকে। এতে রাজধানীর নিচু এলাকাগুলোতে দ্রুত পানি জমে যায়, যার প্রভাব পড়ে জনজীবনে।
সকাল সাড়ে ৮টার দিকে রামপুরা জামতলা এলাকায় হাঁটুসমান পানি জমতে দেখা যায়। অনেকেই ছুটির দিনে বাজার করতে বের হয়ে বিপাকে পড়েন। কেউ জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে চলাচল করেন, আবার কেউ বাধ্য হয়ে রিকশা বা ভ্যান ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, সকালে বাজারে যাওয়ার সময় রাস্তায় পানি জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়ে এবং তাকে পানির মধ্য দিয়েই যেতে হয়।
মালিবাগ চৌধুরীপাড়া এলাকায়ও একই ধরনের চিত্র দেখা গেছে। সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন সড়কে পানি জমে থাকায় ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় রিকশা ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
এক গৃহিণী জানান, বৃষ্টির কারণে বাজারে যেতে সমস্যায় পড়তে হয়েছে এবং অনেক দোকান সময়মতো খুলতে পারেনি।
খিলগাঁওয়ের তিলপাপাড়া ও রেলগেট সংলগ্ন এলাকাতেও পানি জমে থাকায় যান চলাচল ধীর হয়ে যায়। মোটরসাইকেল আরোহীদের অনেককে বিকল্প পথ ব্যবহার করতে দেখা গেছে। এক শিক্ষার্থী জানান, জলাবদ্ধতার কারণে তিনি নির্ধারিত ক্লাসে যেতে পারেননি।
এদিকে বৃষ্টির প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরও। সবজি ও মাছ বিক্রেতারা জানিয়েছেন, পানি জমে থাকায় পণ্য পরিবহন এবং বিক্রিতে বাধা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়া দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল-নালা ভরাট হয়ে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
তারা বলেন, প্রতি বছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলেও কার্যকর সমাধান দৃশ্যমান নয়, ফলে সামান্য বৃষ্টিতেই নগরজীবন স্থবির হয়ে পড়ে।
একুশে সংবাদ/ওজি

