আর্জেন্টিনার সমর্থকদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল লিওনেল মেসির হঠাৎ মাঠ ছাড়ার ঘটনা। তবে শেষ পর্যন্ত স্বস্তির খবরই দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় গুরুতর কোনো চোট ধরা পড়েনি বলে জানিয়েছে ক্লাবটি।
গত সোমবার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ে পেয়েছিল মায়ামি। ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎ করেই মাঠ ছাড়েন মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। এরপর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামনে বিশ্বকাপ থাকায় মেসির শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় আলোচনা।
ম্যাচ শেষে এক বিবৃতিতে মায়ামি জানায়, মেসির বাম হ্যামস্ট্রিংয়ের পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। ক্লাবটির ভাষ্য, মেডিক্যাল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ পড়েছে। মাঠে ফেরার সময় নির্ভর করবে তার শারীরিক ও ক্লিনিক্যাল অবস্থার উন্নতির ওপর।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসির সমস্যাটি গুরুতর নয়। দেশটির জাতীয় দলের কোচিং স্টাফরা আশা করছেন, আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন তিনি।
গতকাল মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিটের দিকে ফ্রি-কিক নেয়ার পর মেসিকে বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায়। কিছুক্ষণ পর নিজেই বদলির ইঙ্গিত দেন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। তবে মাঠ ছাড়ার সময় মেসিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়নি, এমনকি ড্রেসিংরুমে ফেরার পথেও অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়নি।
মেসি মাঠ ছাড়ার সময় ম্যাচের স্কোর ছিল ৪-৪। তবে তাকে ছাড়াই শেষ দিকে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে মায়ামি। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান ধরে রেখেছে দলটি। এরপর দীর্ঘ বিরতিতে যাচ্ছে তারা।
ম্যাচ শেষে মেসির শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন মায়ামির কোচ গিলের্মো হয়োস। তিনি বলেন, এ মুহূর্তে আমাদের হাতে পূর্ণ মেডিক্যাল রিপোর্ট নেই। তবে যতটুকু জানি, ও খুব ক্লান্ত ছিল। মাঠও বেশ ভারী ছিল। সন্দেহ থাকলে সাধারণত এমন পরিস্থিতিতে ঝুঁকি নেয়া হয় না।
এদিকে এখনো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা জাতীয় দল। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে মেসির খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। যৌথভাবে আসরটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
কালের সমাজ/এসআর

