আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণের আগেই নির্ধারণ হয়ে গেছে ৬টি পরিচালক পদের ভাগ্য। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং যাচাই-বাছাইয়ে অন্য প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন ৬ জন কাউন্সিলর।
শনিবার (২৩ মে) বিসিবি নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত বৈধ প্রার্থীর তালিকা থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দাখিল করা ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে ১টি বাদে বাকি ৩২টি মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা ক্যাটাগরি থেকে ঢাকা, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগের পরিচালক নির্ধারিত হয়ে গেছে। পরিচালক নির্ধারণ হয়ে গেছে ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকেও। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ৩ বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন ১ জন করে।
ঢাকা বিভাগ থেকে ২ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন দাখিল করলেও বাদ পড়েছেন একজন। ফলে ঢাকা বিভাগের দুই পরিচালকও নির্ধারিত হয়ে গেছে। এছাড়া বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকেও ১ জনের বিপরীতে একজন মনোনয়ন দাখিল করেছেন। যাচাই-বাছাই পার করে যাওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিতরা হলেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন- সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। যাচাই-বাছাইয়ে বাতিল পড়েছে জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন। তিনি গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন। ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।
ক্যাটাগরি-১ এর বাকি বিভাগগুলোতে একাধিক বৈধ প্রার্থী থাকায় আগামী ৭ জুন ব্যালটের মাধ্যমে ভাগ্য নির্ধারিত হবে। চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন বৈধ হয়েছে ৩ জনের- মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরি, শরিফুল ইসলাম। এই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন ২ জন। খুলনা বিভাগ থেকে নির্বাচনে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। এই বিভাগ থেকে নির্বাচিত হবেন ২ জন। বরিশাল থেকে নির্বাচনে লড়বেন ২ জন— মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরি, নির্বাচিত হবেন ১ জন।
আঞ্চলিক ও জেলা পর্যায়ে বেশ কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পেয়ে গেলেও ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরিতে রীতিমতো জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। এই ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন কাউন্সিলর। এই তালিকায় রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেনের মতো চেনা মুখগুলো।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৪ মে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন এবং একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৫ মে পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবি লাউঞ্জে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। ওই দিনই পরিচালকদের ভোটের মাধ্যমে বোর্ড সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২ জন পরিচালক মনোনীত করেন।
কালের সমাজ/এসআর

