চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর ‘ইয়াসিন বাহিনী’র অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে বিষয়টি সঠিকভাবে মনিটর করতে না পারার দুর্বলতা স্বীকার করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তবে এই হামলায় ইয়াসিন বাহিনী র্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে- এমনটি ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যে ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানান র্যাব প্রধান।
মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জঙ্গল সলিমপুরের ঘটনা প্রসঙ্গে র্যাব মহাপরিচালক বলেন, সেখানে আমরা নতুন ক্যাম্প তৈরি করতে যাচ্ছিলাম, সেখানেই হামলাটি হয়েছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে তা নয়; আমাদের কিছু ভুলের কারণে তারা হামলা করতে পেরেছে। কিন্তু তারা আর ফিরে আসতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানোই থাকবে।
তিনি বলেন, কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার কেউ র্যাবের চেয়ে শক্তিশালী না। তারা জঙ্গল সলিমপুরে আর প্রবেশ করতে পারবে না এবং টিকতেও পারবে না।
ঈদের জামাতের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আহসান হাবীব পলাশ বলেন, ঈদের জামাতে এতো নিরাপত্তা কেন লাগবে? কোনো থ্রেট তো আমরা অনুভব করছি না। সারাদেশের সব জামাতে তো নিরাপত্তা দেওয়া সম্ভব না। তবে প্রধান জামাতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও চেকপোস্টের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে দিনে এবং রাতে র্যাবের টহল টিমের সংখ্যা এবং নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে, যাতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঠেকানো যায়। এছাড়া ঈদকে কেন্দ্র করে জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং কালোবাজারি, অবৈধ মজুদ ও ভেজাল রোধে গোয়েন্দা মনিটরিং অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
রাস্তা বন্ধ করে পশুর হাট বসানোর বিষয়ে জানতে চাইলে র্যাব মহাপরিচালক বলেন, রাস্তা বন্ধ করে গরুর হাট বসাচ্ছে—এটি আমাদের কাজ না। তারপরও আমরা এ বিষয়ে ব্যবস্থা নেবো।
সার্বিকভাবে ঈদে কোনো ধরনের সুনির্দিষ্ট নিরাপত্তার হুমকি নেই উল্লেখ করে দেশবাসীকে নির্বিঘ্নে ঈদ উদযাপনের আশ্বাস দেন র্যাব প্রধান।
কালের সমাজ/এসআর

