নওগাঁ সদর থানার বিশেষ অভিযানে চুরি মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চকচাঁপাই গ্রামের মোঃ আলমগীর (২৬), পিতা- নিজাম উদ্দীন এবং শৈলগাছী এলাকার মোঃ হিমেল (২৫), পিতা- হেলাল।
সোমাবার সকাল ১১ ঘটিকায় শৈলগাছী বাজার সংলগ্ন একটি লিচুর বাগান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পূর্ব থেকেই একাধিক চুরি, মাদক ও ছিনতাই সংক্রান্ত মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ ও রয়েছে। এছাড়াও গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগের মীমাংসা হয়েছে বলেও জানা গেছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে ভুক্তভোগী ব্যক্তি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই গ্রামের ফতের মোড় এলাকায় অবস্থিত নতুন নির্মাণাধীন বাড়ির সকল বৈদ্যুতিক ওয়ারিং ঠিকঠাক আছে কিনা তা দেখে নওগাঁ শহরের বাসায় চলে যান। পরদিন ১৮ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে তিনি পুনরায় নতুন নির্মাণাধীন বাড়িতে গিয়ে দেখতে পান, বিদ্যুতের বোর্ডের নিচে ছোট ছোট তার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং পুরো ভবনের বৈদ্যুতিক ওয়ারিংয়ের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, নির্মাণাধীন প্রায় ২০০০ স্কয়ার ফিটের বাড়ির সম্পূর্ণ ওয়ারিংয়ের বৈদ্যুতিক তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। বিষয়টি বুঝতে পেরে তিনি স্থানীয় লোকজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এসময় স্থানীয় কয়েকজন সাক্ষী জানান, ঘটনার রাতে আটককৃত আলমগীর ও হিমেলকে নির্মাণাধীন বাড়ির আশেপাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এমনকি ভোররাতের দিকে তাদের বস্তাভর্তি কিছু মালামাল বহন করতেও দেখা গেছে। পরে এসব তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী নিশ্চিত হন যে, তার বাড়ির বৈদ্যুতিক তার চুরির সাথে আটককৃতদের সম্পৃক্ততা রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময়ে আসামীরা নির্মাণাধীন বাড়িতে গোপনে প্রবেশ করে বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, ঘটনার সময় মোবাইল টাওয়ার ডাম্প বিশ্লেষণ করলে আসামীদের অবস্থান ও সংশ্লিষ্টতা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া, চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা একাধিকবার জেল হাজতেও ছিল বলে জানা গেছে। তাদের কর্মকাণ্ডে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
নওগাঁ সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শৈলগাছী বাজার সংলগ্ন একটি লিচুর বাগান থেকে দুই আসামীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । একইসাথে চোরাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে দ্রুত চোরাইকৃত মালামাল উদ্ধার সহ জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ।
কালের সমাজ/এসআর

