গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ সুজন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। তার কাছ থেকে উদ্ধার হওয়া ১০৭ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
শনিবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, গত শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।
শ্রীপুর থানার (ওসি) মো. শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় টেংরা মধ্যপাড়া গ্রামের স্থানীয় কবির হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাব-১-এর একটি চৌকস দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সুজন মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মাদক মজুতের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির স্টোররুমে তল্লাশি চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০৭ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে আটককৃত সুজনকে মাদক মামলার নথিপত্রসহ শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার এই অপকর্মের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। মাদক কারবারি সুজনের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

