ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারী সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা

মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

কালের সমাজ ডেস্ক | মে ২৮, ২০২৬, ১১:৫৬ পিএম মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে মারিয়া মান্দার দল। 

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দাপুটে জয়ের অতীত রেকর্ড থাকলেও, এবার সেমিফাইনালের টিকিট কাটতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে লাল-সবুজদের।

ম্যাচের শুরুটা ছিল রূপকথার মতো। মাত্র ১১ সেকেন্ডে মালদ্বীপের জালে বল পাঠিয়ে অবিশ্বাস্য এক কীর্তি গড়েন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। কিক-অফ থেকে বল পেয়ে অধিনায়ক মারিয়া মান্দা নিখুঁত এক পাসে খুঁজে নেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমাকে। ঋতুপর্ণা বক্সে বল ঠেলতেই সেখানে থাকা আনিকা দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান। জাতীয় দলের জার্সিতে এটিই আনিকার প্রথম গোল।

শুরুতেই গোলের দেখা পাওয়ায় বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে বলে মনে হচ্ছিল। তবে মালদ্বীপের গোলরক্ষক ফাতহিমাত সাওসানের দারুণ কিছু সেভে প্রথমার্ধে গোল বন্যা দেখা যায়নি। ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন উমেলাহ মারমা। তবে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের গোলকিপার মিলি কিছুটা সামনে এগিয়ে থাকায় তার মাথার ওপর দিয়ে বল চলে যায় জালে, ফলে ব্যবধান কমায় মালদ্বীপ।

দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার আফিদার দুর্বল ড্রিবলিংয়ের সুযোগ নিয়ে সহজ প্লেসিংয়ে গোল করে মালদ্বীপকে ২-২ সমতায় ফেরান আমিনাত ফাজলা। তবে সমতায় ফেরার ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে গোল করে বাংলাদেশকে আবার লিড এনে দেন সুরভি আকন্দ প্রীতি। আর শেষ মুহূর্তে ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

কালের সমাজ/এসআর

Link copied!