আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ৪ দফা নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের সন্ধ্যার পূর্বেই জেলা ও উপজেলা সদর এলাকায় ফিরে আসা নিশ্চিত করতে হবে। এছাড়া অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট কিংবা নির্ধারিত অনুমতি ছাড়া কোনো রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া ভ্রমণ না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পর্যটকদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সন্দেহজনক বিষয় পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
কালের সমাজ/এসআর

