টিউবওয়েল চুরি করতে এসে এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে মাজহারুল ইসলাম(৩২) নামে এক যুবক। তাৎক্ষণিকভাবে মাজহারুলকে আটক করে গণপিটুনি দিয়ে শিকলে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা (পশ্চিম পাড়া) গ্রামে।
সংবাদ পেয়ে আজ(১২ এপ্রিল) রবিবার আনুমানিক সকাল ১০ টার দিকে ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ২ টার দিকে মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা(পশ্চিম পাড়া) গ্রামের সিএনজি চালক দ্বীন ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মাজহারুল ইসলামের বাড়ি মাইজবাগ ইউনিয়নের ভাসা গোকলনগর গ্রামে। সে ওই গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,মাজহারুলকে রবিবার দুপুরে চুরি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আবুল কালামসহ কয়েকজন বাসিন্দা কয়েকজন বাসিন্দা বলেন,শনিবার রাত ২ টার দিকে দ্বীন ইসলামের বাড়ির আঙিনায় থাকা টিউবওয়েল চুরি
করতে আসে মাজহারুল ও তার কয়েকজন সহযোগী। এ পর্যায়ে টিউবওয়েলের নাট খোলার সময় এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে শিকলে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। রবিবার সকালে এসে পুলিশ মাজহারুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। স্থানীয়রা আরও জানান, মাজহারুল এর আগেও এলাকার অন্তত ১৫ টি চুরির ঘটনার সাথে জড়িত। এসময় তারা চুরির অভিযোগ এনে মাজহারুল ইসলামের বিচার দাবি জানান।
এদিকে উপজেলার সরিষা ইউনিয়নের ধুলিয়াকান্দি গ্রামে চুরির অপর একটি ঘটনায় ইয়াছিনুল ইসলাম(১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন,উপজেলার মাইজবাগ ও সরিষা ইউনিয়নে দুটি চুরির ঘটনায়
দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলা দিয়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

