ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহাল এবং বেকারমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা সভাপতি তাছমিয়া আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলার সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলার সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তারসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর তারা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কাজ করলেও বর্তমানে তাদের সেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
তারা আরও বলেন, দ্রুত ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালসহ সারাদেশের বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
কালের সমাজ/ কে.পি

