ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

পিরোজপুরে হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য ৬০ হাজার শিশু

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ৫, ২০২৬, ০৯:০৭ পিএম পিরোজপুরে হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য ৬০ হাজার শিশু

পিরোজপুরে হাম রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগের আওতায় জেলার ৯ মাস থেকে ১৫ মাস বয়সী প্রায় ৬০ হাজার শিশুকে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান জানান, “বর্তমানে জেলায় হাম রোগের বড় কোনো প্রাদুর্ভাব নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল দুইজন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, তারা আমাদের পর্যবেক্ষণে রয়েছে।”

তিনি আরও বলেন, “শিশুদের সুস্থ রাখতে সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে হাম রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশুদের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!