সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইসমাইল এবং তার সহযোগীরা সাহাপুর এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত শাহজালালের পক্ষে উক্ত জমিতে বাউন্ডারি নির্মাণ ও প্লট করার কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে উক্ত জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকায় কোনো খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর থেকে শুরু করে যুবক ও বিভিন্ন বয়সী মানুষ এখানে নিয়মিত খেলাধুলা করে আসছেন। হঠাৎ করে জমিটি দখলের চেষ্টা চালানো হলে তারা প্রতিবাদে নেমে আসেন।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রভাব খাটিয়ে জমিটি দখলের পাঁয়তারা চলছে। তারা অবিলম্বে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করে জায়গাটি জনস্বার্থে সংরক্ষণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে করে পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
কালের সমাজ/ কে.পি

