শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
এতে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুবেল।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬টি ভোট। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি, যা মোট ভোটারের ৫২ দশমিক ১৯ শতাংশ।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, এক প্রার্থীর মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হয়ে এ আসনে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/ কে.পি

