মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসা থেকে অক্ষত অবস্থায় একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে শ্রীমঙ্গল সরকারি স্টাফ কোয়ার্টারে বসবাসকারী শ্রাবণ পালের ঘরে দুর্লভ প্রজাতির লাল, কালো ও হলুদ রঙের আকর্ষণীয় এই সাপটি দেখা মিলে। ঘরের ভেতরে সাপটিকে দেখা আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
শ্রাবণ পাল বলেন, রাতে হঠাৎ ঘরের ভেতরে সাপটি দেখতে পান তারা। এতে পরিবারের সবাই চরম ভীত হয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচিতে সাপটি ভয়ে ঘরের ভেন্টিলেটরের এক কোণায় গিয়ে কুণ্ডলী পাকিয়ে বসে থাকে।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া সাপটির নাম কালনাগিনী। এটি অত্যন্ত দুর্লভ একটি প্রজাতি। বর্তমানে এ ধরনের সাপ সচরাচর দেখা যায় না। পরে রাতেই সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কালের সমাজ/এসআর

